বয়স ৭৫ বছর। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, চলাফেরার ভরসা একটি লাঠি। এই বয়সেও নিজের জমির একটি খতিয়ানের জন্য দুই বছর ধরে দ্বারে দ্বারে ঘুরছেন উখিয়ার বড় ইনানী গ্রামের এখলাচুর রহমান। অভিযোগ, খতিয়ান করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়া হলেও আজ পর্যন্ত খতিয়ান বুঝিয়ে দেওয়া হয়নি। উল্টো পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার মুখে পড়েছেন তিনি।
এখলাচুর রহমান জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের মৃত জালাল আহমদের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করতে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই ব্যক্তি নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে কম খরচে দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দেন। পরে তাঁকে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রথমে দেড় লাখ টাকা দাবি করা হয়। পরে দরদাম শেষে ৮০ হাজার টাকায় কাজটি করে দেওয়ার চুক্তি হয়। বৃদ্ধের দাবি, প্রথম কিস্তিতে ১৫ হাজার এবং দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে পুরো ৮০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর থেকেই শুরু হয় কালক্ষেপণ। আজ-কাল করে দুই বছর পার হলেও এখনো হাতে পাননি কাঙ্ক্ষিত খতিয়ান।
এখলাচুর রহমানের অভিযোগ, টাকা ফেরত চাইতে গেলে তাঁকে নানাভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে মারধরের চেষ্টাও করা হয়েছে। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধ এখন নিজের টাকা ফেরত পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন।
অভিযোগের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি প্রতিটি খতিয়ানের জন্য ৮০ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে দাবি ভুক্তভোগীর। শুধু তাই নয়, তাঁর ভাষ্য অনুযায়ী, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর নিয়ন্ত্রণে।
এমন বক্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে, একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণের দাবি করেন? তাঁর সঙ্গে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ভূমিসেবা নিয়ে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। চুক্তির মাধ্যমে এসব দোকান থেকে খতিয়ানসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজ করানোর অভিযোগও রয়েছে। অফিসের ভেতরের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগত দালালদের যোগসাজশের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
৭৫ বছর বয়সী এখলাচুর রহমানের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগের ঘটনাটি ভূমি অফিসকেন্দ্রিক এসব অনিয়মের অভিযোগকে আবারও সামনে এনেছে।
ভুক্তভোগী তাঁর টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি ভূমিসেবা পেতে সাধারণ মানুষ যেন দালালচক্রের হাতে জিম্মি না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।
সূত্র: উখিয়া নিউজ