পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতে মোটরসাইকেলসহ যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সরকারের সেই নিষেধাজ্ঞা অমান্য করে দ্বীপটির সৈকতে মোটরসাইকেল শোডাউন করেছে টেকনাফ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামের একটি ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সৈকতে বাইক শোডাউনের এই চিত্র।
ভিডিওর দৃশ্যে দেখা যায়, ৭টি বাইকে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের নেতারা বাইক শোডাউন করেন।
স্থানীয় সুত্র বলছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। এ সময় তারা নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া ও শোডাউন দেন।
ইতোমধ্যে সৈকতে বাইক চালানোর কয়েকটি ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি স্বীকার করেছেন টেকনাফ উপজেলা ছাত্রদল সভাপতি আবু হুরাইরা শামীম।
তিনি বলেন, সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য একটি পাড়ায় গিয়েছিলাম। এটা আমাদের কোনো বাইক শোডাউন না, এখানে বেশি বাইক না, ৪-৫টা বাইক মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনিক চৌধুরী সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করছেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবেশ সংশ্লিষ্ট যারা আছেন তাদের অবহিত করেছি এসব বন্ধ করতে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিন সৈকতে যেকোনো ধরনের যান্ত্রিক যানবাহন সম্পূর্ণ নিষিদ্ধ।
সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর দ্বীপে অভিযান চালিয়ে সেন্ট ক্যাসেল রিসোর্টে’কে পরিবেশ দূষণের দায়ে তিন লাখ টাকা জরিমানা এবং সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। সূত্র: উখিয়া নিউজ