1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor

এনসিপির কমিটিতে আলেমদের সংখ্যা কমা নিয়ে যুগ্ম আহ্বায়কের ক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৬ ১২:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আগের কমিটির চার আলেমের মধ্যে দুজনকে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

আগের কেন্দ্রীয় কমিটিতে আশরাফ মাহদি ছাড়াও মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা রফিকুল ইসলাম আইনী ও মাওলানা ইনজিমামুল ইসলাম ছিলেন। তাদের মধ্যে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সানাউল্লাহ খান কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল), রফিকুল ইসলাম আইনী কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) ও ময়মনসিংহ বিভাগের অঞ্চল তত্ত্বাবধায়ক এবং ইনজিমামুল ইসলাম কেন্দ্রীয় সদস্য ছিলেন।

পুনর্গঠিত কমিটিতে আশরাফ মাহদি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদে বহাল রয়েছেন। সানাউল্লাহ খানকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে। তবে আগের কমিটিতে থাকা রফিকুল ইসলাম আইনী ও ইনজিমামুল ইসলাম নতুন কমিটিতে নেই।

ফেসবুক পোস্টে আশরাফ মাহদি লেখেন, ‘সংখ্যাটা চার থেকে দুইয়ে নেমে এসেছে। দুইজন মাইনাসের কারণ জানা নাই। আর যে দুইজনকে রাখা হল তাদেরও নামকাওয়াস্তে।’

আন্দোলনে আলেমদের ভূমিকা এবং সংগঠন গড়ে ওঠার পর তাদের অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি লেখেন, ‘আপনার মাথায় টুপি আছে, শরীরে ধর্মীয় লেবাস আছে? আপনার কাজ শুধু আন্দোলনে রক্ত দেওয়া। আর সংগঠন মোটামুটি দাঁড় করিয়ে দিলে, আপনার সিরিয়াল নিচের দিকে নামতে থাকবে।’

ধর্মীয় ইস্যুতে বক্তব্য দেওয়া নিয়ে আপত্তির প্রসঙ্গও তুলে ধরেন আশরাফ মাহদি। তার ভাষ্য, ‘ধর্মীয় ইস্যুতে আপনার কথাবার্তা নিয়েও ব্যাপক আপত্তি, যদিও আমরা মধ্যপন্থী।’ পোস্টে রাষ্ট্র ও আইনে ধর্মের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপি পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করে। এতে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন বহাল রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com