জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব মো. জহিরুল ইসলাম দলটির সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও এর পেছনে আরও কারণ রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন জহিরুল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির (রামগঞ্জ পৌর শাখা) সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো বিষয় রয়েছে কি না, জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, ব্যক্তিগত কারণের বাইরেও কিছু কারণ থাকে, যা আপনাকে পরে বলব।
দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জহিরুল বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে বিএনপির স্থানীয় কাউন্সিলে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের আন্দোলনের পর জহিরুল এনসিপিতে যোগ দেন। পরে ২০২৬ সালের ২১ জানুয়ারি তাকে রামগঞ্জ পৌর এনসিপির সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
এদিকে জহিরুলের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মামুন হোসেন বলেন, কী কারণে তিনি দল থেকে অব্যাহতি নিয়েছেন, তা আমার জানা নেই। তবে জাতীয় নির্বাচনের পর আমাদের সঙ্গে তার তেমন কোনো যোগাযোগ হয়নি।
জহিরুলের পদত্যাগের ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে।