অবশেষে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অনুমোদন জটিলতার অবসান ঘটিয়ে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। মৌসুম শুরুর চার দিন পর প্রথম দিন ৮৩৬ জন পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে রওনা দিয়েছে একটি জাহাজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে ‘এমভি বারো আউলিয়া’ নামের জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সচল হলো সেন্টমার্টিনের নৌপথ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণের সুযোগ চালু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনিক অনুমোদন, নৌযান চলাচলের ছাড়পত্র ও পরিবেশগত শর্ত পূরণসংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি। পরে নৌপরিবহন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার অনুমোদন এবং কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি মেলায় জাহাজ চলাচলের পথ সুগম হয়।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেই আজ সকাল থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে এমভি বারো আউলিয়া ছেড়ে গেলেও পর্যটকদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে নির্ধারিত বাকি দুটি জাহাজও চলাচলের জন্য যুক্ত হবে। সূত্র: পূর্বকোণ