সেন্টমার্টিন দ্বীপে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে আক্রান্ত এক পর্যটক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা গেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খেয়ে হঠাৎ অস্থিরতা অনুভব করেন ইব্রাহিম। তাঁর পূর্ব থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। চিংড়ি মাছ খাওয়ার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন।
প্রথমে তিনি সেন্টমার্টিন ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। পরে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে স্পিডবোটে করে তাঁকে টেকনাফে পাঠানো হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।