টেকনাফে বঙ্গোপসাগর উপকূলবর্তী শাহপরী দ্বীপের গোলারচর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার সকালে চালানো এক বিশেষ অভিযানে ভাসমান অবস্থায় ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে এই মাদক উদ্ধার করা হয়।
বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর একটি দল গোলারচর সমুদ্র এলাকায় সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার নির্দেশ দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড টিম ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাগরে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা। সূত্র: টিটিএন
ট্যাগ :