দালালমুক্ত ভূমি অফিস গড়ার ঘোষণা ছিল, চিহ্নিত দালালদের তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশনাও দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কিন্তু ঘোষণার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও উখিয়া ভূমি অফিসে সেই তালিকা টানানো হয়নি। বন্ধ হয়নি দালালদের দৌরাত্ম্যও। বরং ভূমি অফিসকে ঘিরে নতুন করে সামনে এসেছে খতিয়ান বাণিজ্যের অভিযোগ। এক বৃদ্ধের কাছ থেকে খতিয়ান করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক দালালের বিরুদ্ধে। তাঁর দাবি, ‘ভূমি অফিস তার নিয়ন্ত্রণে, খতিয়ানপ্রতি রেট ৮০ হাজার টাকা।’
গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় ভূমি অফিসকে দালালমুক্ত করার ঘোষণা দেন ইউএনও পান্না আক্তার। তিনি সহকারী কমিশনার (ভূমি)-এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভূমি অফিসে যেসব ব্যক্তি দালাল হিসেবে পরিচিত, তাদের তথ্য সংগ্রহ করে তালিকা প্রস্তুত করতে হবে এবং তা প্রকাশ্যে টানিয়ে দিতে হবে। দালালদের কারণে রেকর্ড রুমে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা বিঘ্নিত হোক, তা প্রশাসন চায় না বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে রেকর্ড রুমকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদারের কথা জানান।
তবে ঘোষণার পরও ভূমি অফিসের আশপাশে দালালদের তৎপরতা নিয়ে অভিযোগ থামেনি। চিহ্নিত দালালদের তালিকা প্রকাশ্যে টানানো হয়নি। ফলে ইউএনওর সেই ঘোষণা কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেবাপ্রত্যাশীরা।
এরই মধ্যে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের ৭৫ বছর বয়সী এখলাচুর রহমানের কাছ থেকে খতিয়ান করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দিয়ে আনোয়ার তাঁর কাছ থেকে বিভিন্ন কিস্তিতে পুরো টাকা নেন। কিন্তু দুই বছরেও খতিয়ান বুঝিয়ে দেননি। টাকা ফেরত চাইতে গেলে তাঁকে মারধরের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন বৃদ্ধ।
আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি খতিয়ানের জন্য ৮০ হাজার টাকা নিজের নির্ধারিত রেট বলে দাবি করেন। এর বেশিও নিয়ে থাকেন বলে জানান। শুধু তাই নয়, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁর নিয়ন্ত্রণে বলেও দাবি করেন তিনি। তাঁর এমন বক্তব্য ঘিরে সরকারি ভূমি অফিসে বহিরাগত দালালদের প্রভাব ও সম্ভাব্য যোগসাজশ নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয়। এসব দোকানের মাধ্যমে খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা-সংক্রান্ত কাজ করানোর নামে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগতদের যোগসাজশ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দালালদের ব্যাপারে আমরা সবসময় কঠোর। ভূমি অফিসে দালালদের কোনো ঠাঁই নেই।’
ইউএনও পান্না আক্তার বলেন, ভূমি অফিসের আশপাশে দালালদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: টিটিএন